ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, দেশটির হোদেইদা বিমানবন্দরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এক সপ্তাহ আগে ওয়াশিংটন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিল।
এএফপি সানা থেকে এ খবর প্রকাশ করেছে।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি হোদেইদা বিমানবন্দরে হামলাকে ‘আমেরিকান আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে। চ্যানেলটির দাবি, লোহিত সাগর উপকূলে হোদেইদা বিমানবন্দরের ওপর তিনটি হামলা চালানো হয়েছে।
বুধবার, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, বিদ্রোহীদের বিরুদ্ধে তারা ‘অবিরাম অভিযান’ চালানোর প্রস্তুতি নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহীদের ধ্বংস করার হুমকি দেন। এরপর বুধবার থেকে শুক্রবারের মধ্যে, ইরান সমর্থিত বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেলটি বিমানবন্দরে হামলার খবর দেয়।
১৫ মার্চ, যুক্তরাষ্ট্র একটি ধারাবাহিক বিমান হামলার ঘোষণা দেয়। মার্কিন কর্মকর্তারা জানায়, এসব হামলায় সিনিয়র হুথি নেতারা নিহত হয়েছেন।
বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওইদিন ইয়েমেনে ৫৩ জন নিহত হন।
লোহিত সাগরে চলাচলকারী সব ইসরাইলি জাহাজের ওপর হুথি বিদ্রোহীদের নতুন হামলার হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে।
এটি ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর প্রথম মার্কিন হামলা যা পরিচালিত হলো।
