ইতালিতে ৫ লাখ কর্মী নিয়োগ: নতুন ‘ফ্লো ডিক্রি’র বিস্তারিত

ইউরোপের অন্যতম বড় শ্রমবাজার ইতালি আগামী তিন বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে প্রায় পাঁচ লাখ দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর হতে যাওয়া এই বার্ষিক পরিকল্পনাটি ‘ডিক্রেতো ফ্লুসি’ (Decreto Flussi) নামে পরিচিত। ইতালীয় সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশটির কৃষি, পরিবহন, নির্মাণ এবং উৎপাদন খাতের তীব্র শ্রমসংকট দূর করা এবং নিয়মিত অভিবাসনের পথ সুগম করা।

ইতালীয় সরকারের অনুমোদিত এই নতুন ডিক্রি অনুযায়ী, তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০টি কাজের পারমিট ইস্যু করা হবে। অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মী ইতালিতে বৈধভাবে প্রবেশের সুযোগ পাবেন। এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার পাবে ভারত, মরক্কো, সেনেগাল এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো, যাদের সঙ্গে ইতালির অভিবাসন সহযোগিতা চুক্তি রয়েছে। এছাড়া নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ইতালিতে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদেরও নিয়মিত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

ফ্লো ডিক্রিতে মৌসুমি (Seasonal) এবং অ-মৌসুমি (Non-seasonal) উভয় ধরনের কর্মীর জন্য সুযোগ রয়েছে। কৃষি ও পর্যটন খাতে সাধারণত ৯ মাস মেয়াদি মৌসুমি ভিসা দেওয়া হয়। অন্যদিকে, ভারী যান্ত্রিক কাজ, নির্মাণ ও পরিবহন খাতের জন্য দীর্ঘমেয়াদি পারমিট প্রদান করা হবে। এবারের বিশেষ সংযোজন হলো ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং স্টার্ট-আপ প্রতিষ্ঠানের মালিকদের জন্য সীমিত পরিসরে স্বনির্ভর কাজের সুযোগ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই পদক্ষেপকে একটি জীবনরক্ষাকারী নীতি হিসেবে অভিহিত করেছে।

তবে এই সুযোগের আড়ালে বড় ধরনের প্রতারণার ঝুঁকিও দেখছেন বিশ্লেষকেরা। ২০২৪ সালকে ইতিপূর্বে ‘প্রতারণার বছর’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যেখানে অনেক অভিবাসী ভিসা ও কাজের চুক্তির নামে দালালদের কাছে বিপুল অর্থ হারিয়েছেন। নতুন নিয়মে নিয়োগকর্তার মাধ্যমে অনলাইনে নির্দিষ্ট ‘ক্লিক-ডে’তে আবেদন করতে হবে। উপযুক্ত মজুরি, আবাসন সুবিধা এবং সঠিক নথি না থাকলে আবেদন বাতিল হয়ে যাবে। তাই আগ্রহী কর্মীদের বৈধ চ্যানেলে এবং সচেতনভাবে আবেদন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জিলাইভ/টিএসএন