ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সম্মুখ যুদ্ধে গত ২৪ ঘণ্টায় বড় ধরনের সাফল্যের দাবি করেছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথ-এর মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ জানিয়েছেন, একদিনের ব্যবধানে তাদের অভিযানে ২৩০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী বর্তমানে তাদের ফ্রন্টলাইনগুলোতে উল্লেখযোগ্য জনবল ও সরঞ্জাম হারাবে বলে ধারণা করা হচ্ছে।
আস্তাফিয়েভ জানান, রুশ যৌথ বাহিনী এবং ড্রোন ইউনিটগুলোর সমন্বিত আক্রমণে ইউক্রেনের পাঁচটি সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে তিনটিই পশ্চিমা দেশগুলোর তৈরি। এছাড়া ১৯টি অটোমোবাইল, চারটি ফিল্ড আর্টিলারি গান, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং গোলাবারুদ ও জ্বালানির চারটি বিশাল গুদাম মাটির মিশিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সেভেরস্ক ও ক্রামাতোরস্ক অঞ্চলে রুশ ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থায় বড় আঘাত হেনেছে। সেখানে দুটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, দুটি স্টারলিংক টার্মিনাল এবং বেশ কিছু শক্তিশালী যোগাযোগ অ্যান্টেনা ধ্বংস করা হয়েছে। এছাড়া ক্রামাতোরস্কে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থল রোবোটিক কমপ্লেক্স এবং একটি আর-১৮ অক্টোকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ক্রেমলিন।
এদিকে আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন। শুক্রবার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া সবসময় কূটনৈতিক উপায়ে শান্তি কাম্য করলেও যেকোনো বড় ধরনের সংঘাতের জন্য তাদের সামরিক বাহিনী সর্বদা প্রস্তুত। পেসকভের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন বেলজিয়ামে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গনচার সতর্কবার্তা দিয়েছেন যে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ক্রেমলিনের মতে, পশ্চিমা সামরিক জোটগুলোর এই সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে।
জিলাইভ/টিএসএন
