সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন হলো দেশের প্রথম হাইব্রিড কার্গো বিমান

সংযুক্ত আরব আমিরাতের প্রথম স্বনির্মিত হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আবুধাবিতে এ বিমান উদ্বোধন করেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতভিত্তিক লুদ অটোনোমাস কোম্পানির তৈরি এই কার্গো বিমানের নাম দেওয়া হয়েছে ‘হেলি’। এটি হাইব্রিড বলা হচ্ছে কারণ পুরোপুরি বিদ্যুৎচালিত হলেও ব্যাটারি ফুরিয়ে গেলে জেনারেটর সক্রিয় হয়ে কাজ করবে।

গালফ নিউজকে লুদ অটোনোমাসের সিইও মাতার আল মান্নায়েই জানিয়েছেন, হেলি সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ২৫০ কেজি মাল নিয়ে একটানা ৭০০ কিলোমিটার পথ উড়তে সক্ষম। তিনি বলেন, দুর্গম এলাকা বা সীমিত অবকাঠামোযুক্ত স্থানে এটি জ্বালানি তেলচালিত কার্গো বিমানের তুলনায় অনেক বেশি দক্ষ।

মাতার আল মান্নায়েই বলেন, “আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এমন একটি বৈদ্যুতিক বিমান তৈরি করা যা দীর্ঘ পথ একটানা উড়তে পারে। হেলির প্রপেলার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে চলাচল আরও সহজ ও দ্রুত হয়। ব্যাটারি ফুরিয়ে গেলে জেনারেটর সক্রিয় হয়ে দীর্ঘ পথ অব্যাহত রাখা সম্ভব।”

তিনি আরও জানান, “যখন সমগ্র বিশ্ব বৈদ্যুতিক যানবাহনের দিকে এগোচ্ছে, তখন হেলি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।”

টিএসএন