বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশের প্রটেকশনে আগুন সন্ত্রাস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যেমনটা তারা ২০১৩, ১৪ ও ১৫ সালে করেছে, বিভিন্ন সময় যেমন করেছে, শনিবারও তাই করেছে। বিএনপির নেতাকর্মীরা গুলি খাচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বাসের ড্রাইভারও বলেছেন দশ হাত দূরে পুলিশ ছিল, তাদের সামনে আগুন দিয়েছে। তাকে (ড্রাইভারকে) বলছে তাড়াতাড়ি নেমে যান, নাহলে তোকেসহ আগুন লাগিয়ে দিব।
পুলিশের প্রটেকশনে আগুন সন্ত্রাস করছে আওয়ামী লীগ: রিজভী
শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজধানীর প্রবেশ পথে অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তার ও আহতদের চিত্র তুলে ধরে রিজভী বলেন, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার ৫০০ জন নেতাকর্মী আহত ও ১২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তিনি জানান, গত ১৯ মে থেকে এ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে মোট ৩২০ মামলা, গ্রেপ্তার ১৫১৪ জন, মোট আসামি প্রায় ১৪৫০’র অধিক নেতাকর্মী।
তিনি বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ঢাকার বিভিন্ন পয়েন্টে উপস্থিত হলে আইন শৃঙ্খলা বাহিনী সাঁড়াশী আক্রমণ শুরু করে। তাদের সাথে যোগ দেয় সরকারদলীয় সশস্ত্র ক্যাডার’রা। ব্যাপক গুলিবর্ষণ, অজস্র কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও বেপরোয়া লাঠিচার্জে অগণিত নেতাকর্মীকে গুরুতর আহত করা হয়। এই নারকীয় আক্রমণের হাত থেকে রেহাই পাননি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁকে রাস্তার ওপর ফেলে দিয়ে মাথায় ও হাতে পায়ে নির্দয়ভাবে আঘাত করা হয়।
তিনি আরো বলেন, অবস্থান কর্মসূচির বিষয়ে পুলিশকে অবহিত করা হলেও পুলিশ সেটিকে অগ্রাহ্য করে শেখ হাসিনার মনতুষ্টির জন্য দমনের যে ভয়ঙ্কররুপে আত্মপ্রকাশ করেছে তা নজীরবিহীন। বৃষ্টির মতো গুলিবর্ষণ এবং বেধড়ক লাঠিচার্জের মাধ্যমে শারীরিক ক্ষতি ও নির্বিচারে গ্রেপ্তারের যে হিড়িক দেখা গেল তা আওয়ামী অবৈধ কতৃর্পক্ষের এক নির্লজ্জ নাৎসীরুপের হিংস্র বহিঃপ্রকাশ।

এসময় বিএনপি এই নেতা বিভিন্ন স্থানের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হামলার চিত্র তুলে ধরেন। গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি ও আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন। রুহুল কবির রিজভী সাংবাদিক ও ক্যামেরাপারশনের ওপর হামলার নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।