বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে অশ্বডিম্ব ছাড়া কিছু পায়নি: ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশ শাসনের নামে হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট করে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। ওবায়দুল কাদের শনিবার বিকেলে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছোট বোন শেখ রেহানাও মঞ্চে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মানুষ বিএনপির কাছ থেকে অশ্বডিম্ব ছাড়া কিছু পায়নি: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মাঝে মাঝে আন্দোলনে বিরতি দেয়। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে। আর বাইরে পুলিশের গতিবিধি দেখে। এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে। তারেক রহমান রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়েছিল। সে নাকি বাংলাদেশের বীর নেতা। আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ মানে না। এদের বিরুদ্ধে লড়তে হবে। একসঙ্গে লড়াই করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। সামনে লড়াই, ডিসেম্বরে ফাইনাল খেলা। জিততে হবে। জিততে পারবেন। কারণ, ওদের হাতে শোকের পতাকা। আমাদের হাতে শেখ হাসিনার বিজয়ের পতাকা। আমরা বিজয়ের সোনালী বন্দরে পৌঁছে যাবো।
বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওরা নিষেধাজ্ঞা আর ভিসানীতির কথা বলে। সিয়েরা লিওনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এসেছে। এ নিয়েও বিএনপিতে উল্লাস। আমি বলি; সিয়েরা লিওন যা করলো, সেটা তো তোমরাই করেছো। মাগুরা মার্কা নির্বাচন, এক কোটি ভুয়া ভোটার তালিকা তোমরাই করেছো।
বিদেশি রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমরা তো অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই। এখানে বিদেশি বন্ধুরা আছে, আমরা কথা দিতে চাই- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা করবো। এটাই আমাদের শপথ। আমাদের সিয়েরা লিওনের কথা বলে লাভ নেই।তিনি বলেন, বিএনপির দাবি একটাই, শেখ হাসিনাকে হঠাতে হবে। কোন দুঃখে? কেন পদত্যাগ করবেন শেখ হাসিনা? কোনো দেশের নির্বাচনী নীতিতে এটা আছে?