লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ৫০০

লন্ডনের ওয়েস্টমিনস্টারে ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।

 

চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ওয়েস্টমিনস্টারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরেই প্রথম গ্রেপ্তারের ঘটনা ঘটে। তখন বিক্ষোভকারীরা ফুটপাতে বসে কলম হাতে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে প্ল্যাকার্ড লিখছিলেন।

অল্প সময়ের মধ্যেই বেশ কয়েক ডজন পুলিশ অফিসার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে ফুটপাতে নীরবে বসে থাকা বিক্ষোভকারীদের গ্রেপ্তার অভিযান শুরু করেন।

 

দুই ঘণ্টা পর আয়োজকরা জানান, স্কয়ার জুড়ে অন্তত এক হাজারেরও বেশি মানুষ প্ল্যাকার্ড হাতে নীরবে বসে প্রতিবাদে অংশ নিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার অভিযোগে।

গ্রেপ্তারের পরিসংখ্যানসংখ্যা
মোট গ্রেপ্তারকৃত ব্যক্তি৪৮৮ জন
সর্বকনিষ্ঠ গ্রেপ্তারকৃত১৮ বছর
সর্বাধিক বয়স্ক গ্রেপ্তারকৃত৮৯ বছর
এখনো হেফাজতে রয়েছেন২৯৭ জন
জামিনপ্রাপ্তবাকিরা

 

শনিবার রাত পর্যন্ত ২৯৭ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়, অন্যদের জামিনে মুক্তি দেওয়া হয়।

 

মেট্রোপলিটন পুলিশ ফেডারেশনের প্রধান পলা ডডজ গণমাধ্যমে বলেন,“যথেষ্ট হয়েছে। আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা—বিশেষত তখন, যখন দেশটি সন্ত্রাসী হামলার উচ্চ সতর্কতায় রয়েছে। অথচ এর পরিবর্তে অফিসারদের এসব অবিরাম বিক্ষোভ মোকাবিলায় টেনে আনা হচ্ছে।”

 

সূত্র: বিবিসি, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান