,

জাপানে ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত, আরেকজন নিখোঁজ

জাপানের উত্তরাঞ্চলে মাশরুম সংগ্রহের সময় ভাল্লুকের আক্রমণে এক নারী নিহত হয়েছেন, আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। বিষয়টি শনিবার দেশটির পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। খবর—এএফপি।

সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানে বন্য ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বসতবাড়ির আশপাশের এলাকায় আগের তুলনায় বেশি ভাল্লুক দেখা যাচ্ছে।

উত্তর মিয়াগি অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন— “ভাল্লুকের আক্রমণে এক নারীর মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরেকজন এখনও নিখোঁজ।”

পুলিশের তথ্যানুযায়ী, শুক্রবার ৭০ বছরের দুই নারীসহ চারজন পাহাড়ে মাশরুম তুলতে গিয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্তাধীন। তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দলে থাকা একজন ব্যক্তি পুলিশকে ফোন করে জানিয়েছিলেন যে একজন নারীকে ভাল্লুক আক্রমণ করেছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, নিহত নারীর শরীরের আঘাতের ধরন দেখে পুলিশও ধারণা করছে তিনি ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন।

অন্যদিকে, দৈনিক আসাহি শিম্বুন জানায়, নাগানো প্রিফেকচারে ৭৮ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক আঁচড়ের দাগ ছিল। পুলিশ ধারণা করছে, তাঁকেও ভাল্লুক হত্যা করেছে।

গত মাসে ভাল্লুকের হামলার সংখ্যা বাড়ায় সরকার অস্ত্র আইন শিথিল করেছে। এর ফলে শিকারিরা বসতবাড়ির কাছাকাছি এলাকাতেও সহজে রাইফেল ব্যবহার করতে পারবেন।

এনএইচকে’র তথ্যানুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জাপানে মোট ৬৯ জন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন, যার মধ্যে পাঁচজনের মৃত্যু ঘটেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৮৫ জন মানুষ ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন, যার মধ্যে তিনজন মারা গেছেন। ২০২৪ সালে হামলার সংখ্যা ছিল ২১৯ এবং মৃত্যু হয়েছিল ছয়জনের।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।