ভেনেজুয়েলার আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এ তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসি জানিয়েছে।

 

ট্রাম্প জানান,

  • নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছিল।
  • এটি গত কয়েক সপ্তাহে ভেনেজুয়েলার মাদকবাহী সন্দেহজনক নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা।
  • এই প্রাণঘাতী হামলা পরিচালনা করেছে মার্কিন সাউদার্ন কমান্ড, যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত।
  • গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি অবৈধ মাদক বহন করছিল এবং একটি পরিচিত পাচারপথ ব্যবহার করছিল, যার উদ্দেশ্য ছিল “আমেরিকানদের বিষপ্রয়োগ করা।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত এ অভিযানে নৌযানে থাকা তিনজন পুরুষ নিহত হন, তবে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

 

চলতি মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহজনক নৌযানে এর আগে দুটি হামলা চালায়। অভিযোগ রয়েছে, ঐ দুই হামলায় মোট ১৪ জন নিহত হয়েছিলেন।

 

এই সর্বশেষ হামলা সম্পর্কে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি