খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই জুন ২০২৫, ২:৫ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে মার্কিন ভেটো প্রয়োগকে ইসরাইলি দখলদারিত্ব এবং মানবতাবিরোধী অপরাধের প্রতি যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন বলে মন্তব্য করেছে হামাস।
গাজা সিটি থেকে এএফপি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় কুদস প্রেসকে পাঠানো এক বিবৃতিতে হামাস জানায়, ‘যুক্তরাষ্ট্রের এই অবস্থান যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গাজায় নিরীহ মানুষ হত্যা অব্যাহত রাখার লাইসেন্স দিয়েছে।’
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটো ‘আন্তর্জাতিক ঐকমত্যের বিরুদ্ধে বড় বাধা’ বলে উল্লেখ করেছে হামাস।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা শুধু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের কার্যকারিতাও আজ চরম প্রশ্নের মুখে।’
এ প্রেক্ষাপটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি দ্রুত পদক্ষেপ নিতে এবং গণহত্যা থামানোর জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে, ফিলিস্তিনের আরেক প্রতিরোধ সংগঠন ‘দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’–ও যুক্তরাষ্ট্রের ভেটো নিন্দা করে এক বিবৃতিতে জানায়, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যায় এ ভেটো সরাসরি যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের প্রমাণ।’
মন্তব্য