ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত থাকবে। এই যুদ্ধবিরতির কোনো নির্ধারিত মেয়াদ নেই বলেও জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এবং এনডিটিভি জানায়, রোববার এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে— এমন গুজবের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও পর্যায়ের আলোচনা অনুযায়ী যুদ্ধবিরতি বহাল থাকবে এবং এই সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।’
সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা বা বৈঠকের সময়সূচি ছিল না।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দু’দেশের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল।
উল্লেখ্য, গত ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত আসে।
পরবর্তীতে উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
