ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস শনিবার ‘অনিশ্চিত সময়ে’ ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনের বিষয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক পদক্ষেপের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। লন্ডন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
অনিশ্চিত সময়ে’ ঐক্যের আহ্বান ব্রিটেনের রাজা
রাশিয়ার হামলার তিন বছর পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রতি তার সমর্থন প্রত্যাহার করলে ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলো একত্রিত হওয়ার জন্য সংগ্রাম করছে।
যদিও ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রাজনৈতিকভাবে নিরপেক্ষ, তবুও সম্প্রতি চার্লস তার ব্যক্তিগত প্রাসাদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আতিথ্য দিয়েছেন এবং ট্রাম্পকে দ্বিতীয় ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
সোমবার, কমনওয়েলথ দিবসে চার্লস এক বার্তা দেবেন। কমনওয়েলথ হচ্ছে ৫৬টি সাবেক ব্রিটিশ উপনিবেশ রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, যা দিবসটি উদযাপন করবে।
শনিবার রাতে প্রকাশিত বক্তব্যে কমনওয়েলথের প্রধান চার্লস বলেন, জাতিগত ভিন্নতা ‘শক্তির উৎস’ হয়ে উঠতে পারে। তিনি জানান, ‘এই অনিশ্চিত সময়ে, আমাদের ভিন্নতাগুলোকে শক্তির উৎস এবং শেখার সুযোগ হিসেবে দেখা উচিত, সমস্যা হিসেবে নয়। কমনওয়েলথ একটি শক্তিশালী দেশগুলোর জোট, যেখানে জনগণ একত্রিত হয়ে সহায়তা, গুরুত্ব ও বন্ধুত্বের চেতনায় কাজ করছে।’
এর আগে শনিবার, ব্রিটিশ নেতা কেয়ার স্টারমার জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চূড়ান্ত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত দেশগুলোকে একটি দল গঠনে যোগদানের বিষয়ে ভাবছেন।
বৃহস্পতিবার, যুক্তরাজ্যের এক কর্মকর্তা জানান, ব্রিটিশ কর্মকর্তারা প্রায় ২০টি দেশ নিয়ে তথাকথিত ‘ইচ্ছুক জোট’ গঠন করতে আলোচনা করছেন। যদিও দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি, তবে কর্মকর্তারা বলেছেন, এগুলো মূলত ইউরোপীয় এবং কমনওয়েলথ অংশীদার।
