সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলাউইত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৬২ জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা সবাই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ছিলেন।
সিরিয়ায় আসাদপন্থি ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার এই ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ৫ শিশু রয়েছে। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
সিরিয়ার নতুন সরকার, যারা গত ডিসেম্বর আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, জানিয়েছে যে সাবেক স্বৈরশাসকের নিজ শহর লাতাকিয়ায় বর্তমানে সামরিক অভিযান চলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদপন্থি বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা আত্মসমর্পণ না করে, তবে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
এর একদিন আগে, আসাদপন্থি বিদ্রোহীরা হঠাৎ করে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপরই সিরীয় বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে এবং আটক ব্যক্তিদের তাৎক্ষণিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রেসিডেন্ট আহমেদ আল-শরা বিদ্রোহীদের উদ্দেশে বলেছেন, “আপনারা পুরো জাতির বিরুদ্ধে অপরাধ করেছেন, এখন প্রতিশোধের সময়। দেরি হওয়ার আগে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করুন।”
বৃহস্পতিবার লাতাকিয়া প্রদেশে সরকারি বাহিনী ও আসাদপন্থিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিরাপত্তারক্ষীসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এরই মধ্যে হোমস, লাতাকিয়া ও তারতুস শহরে কারফিউ জারি করা হয়েছে। লাতাকিয়ার গভর্নর জানিয়েছেন, প্রদেশের সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গিয়ার পেডারসেন ও মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন।
