খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই মার্চ ২০২৫, ২:৩৮ পিএম

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় রোববার জানিয়েছে, পবিত্র রমজান মাস এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে ইহুদিদের বসন্তকালীন উৎসব ‘পাসওভার’ ছুটির দিন পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে ইসরাইল।
এ খবরটি ইসরাইলের জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়। নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে।
শনিবার মধ্যরাতে এক বিবৃতিতে জানানো হয়, রমজান মাসে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ইসরাইল, যা মার্চের শেষ পর্যন্ত থাকবে এবং এর পরপরই এপ্রিলের মাঝামাঝি সময়ে আট দিনের ইহুদি পাসওভার উৎসব পালিত হবে।
গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়। এরপর, ইসরাইলের প্রধানমন্ত্রী দফতর থেকে মার্কিন প্রস্তাবে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার খবর প্রকাশ করা হয়।
এই চুক্তির দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য ছিল গাজায় এখনও আটক থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া এবং যুদ্ধের স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়া। নেতানিয়াহুর কার্যালয়ের মতে, ইসরাইল এবং হামাসের মধ্যে আলোচনার অচলাবস্থা চলমান রয়েছে, এবং স্থায়ী যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে তাৎক্ষণিকভাবে একমত হতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে উইটকফ সাময়িক যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দেন।
মন্তব্য