বাংলাদেশের বাণিজ্যিক উন্নয়নে ভারত কাজ করছে : ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই-দেশের বন্ধন আরো বেশি শক্তিশালী করতে আমরা কাজ করছি।সোমবার (২৪ জুলাই) দুপুরে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় ফোরলেন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশাবাদী এবং দ্রুত অবকাঠামো দিতে পারলে এই প্রকল্প থেকে অর্থনৈতিক ভূমিকার পাশাপাশি জনগণ উপকৃত হবে।
বাংলাদেশের বাণিজ্যিক উন্নয়নে ভারত কাজ করছে : ভারতীয় হাইকমিশনার
প্রণয় কুমার ভার্মা জানান, এলওসির অধীনে ভারত-বাংলাদেশের মধ্যে বেশ কিছু ভবিষ্যত উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। তারমধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারলেন এবং আখাউড়া থেকে আগরতলা রেলপথ প্রকল্প রয়েছে। এ ছাড়া আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছে।

তিনি বলেন, চলমান কাজগুলো শেষ হলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যিকভাবে লাভবান হবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো বেগবান হবে।এ সময় ভারতীয় হাইকমিশনার দুই দেশের পারস্পরিক সহযোগিতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সদর উপজেলায় নির্মাণাধীন ফোরলেন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আশুগঞ্জ নদী বন্দর ও আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করেন। ভারতীয় হাইকমিশনারের সাথে আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন মহাসড়ক প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক খালেদ সাহিদ ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এছাড়া আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী তাহমিনা সারমিন ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।