বঙ্গভবন ও গণভবন ঘেরাও কর্মসূচি আসতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন যে কর্মসূচি ঘোষণা করা হবে, তাতে শান্তিপূর্ণ ঘেরাওর তালিকায় আরো থাকতে পারে সংসদ ভবন, সচিবালয় ও নির্বাচন কমিশন। একই দিনে জামায়াতসহ অন্য দলগুলো আলাদাভাবে তাদের কর্মসূচি ঘোষণা করবে।
বিএনপির এক শীর্ষনেতা আভাস দিয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রথম দিকে গতানুগতিক কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে আন্দোলনের গতি বাড়ানো হবে। জুলাই মাসের শেষের দিকে ঘোষিত কর্মসুচি নিয়ে একযোগে মাঠে নামবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা ৩৬ দল।

বঙ্গভবন ও গণভবন ঘেরাও কর্মসূচি আসতে পারে
রোববার সিলেটে তারুণ্যের সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ১২ জুলাইর সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকার সমাবেশকে কেন্দ্রে করে মহানগর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লোকসমাগম বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। সবাই অপেক্ষা করছে নতুন কর্মসূচির জন্য।

নির্বাচনকালীন নিদর্লীয় ও নিরপেক্ষ সরকার, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সকল আলেম ওলামার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হবে।