খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই মে ২০২৩, ৬:০ পিএম
যুক্তরাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হবে, নিষেধাজ্ঞা দেবে না: পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসবে কি না, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমাদের বলে তো কোনো দিন করে না। এটা যদি হয় তাহলে দুঃখজনক হবে। যুক্তরাষ্ট্রতো প্রায় দেশে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে। বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দেওয়ার কোনো কারণ নেই। বরং আমেরিকায় গেলে, সেখানে ভ্রমণ সতর্কতা থাকা উচিৎ।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা নিয়ে রাজনীতিবিদরা অনেক কিছুই বলেন। যেটা সতর্কতা করে। তবে আমরা এখন ফেলে দেওয়ার দেশ না। বাংলাদেশ দারিদ্র বা দানের ওপর থাকে না। আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকালে ভড়কে যাব না। আমাদের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা আছে। সমস্যা আসলে কীভাবে সমাধান করব, সেই ক্ষমতাও আমাদের আছে। সেটাই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন।
সম্প্রতি এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। পত্রিকাটির প্রতিবেদনে ‘একটি মিথ্যা তথ্য’ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে একটি মিথ্যা তথ্য দিয়েছে। এটি আমাদের সরকারের জন্য অপমানজনক। মিথ্যা তথ্যটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মানে আমি, মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা, আমি কোনোদিন কোনও চাইনিজ কোম্পানিতে কাজ করিনি। তাদের লবিস্টও না। বরং বলতে পারেন আমি সারাজীবনে আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানি না তারা কেন এটি করলো, খুব অদ্ভূত ‘ তারা জেনেশুনেই এই ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া অনুবিভাগ) শফিকুর রহমান।
মন্তব্য