স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের কিছু বিতর্কিত বিষয় সামনে আসার পর সেসব সমালোচনার উত্তর দিয়েছেন প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ। সোমবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব প্রশ্নের উত্তর দেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে আলোচিত সমালোচিত সব প্রশ্নের উত্তর দিলেন প্রতিষ্ঠাতা কিশোর
পাঠকদের সুবিধার জন্য ফেসবুক পোস্টটি হুবহু দেওয়া হলো:
১. পাহারের জমির মালিকানা প্রজেক্ট শেষে মূল মালিকের কাছে ফিরে যাবে। প্রথম ছবিতে সে চুক্তিপত্রে শর্তে দেখতে পাবেন
২. কক্সবাজারের রামুর জমিটি নগদ অর্থে তখনকার বাজার মুল্যে কেনা। যদি জমি বিক্রেতা আজাও সে জমি ফেরত চান, তবে বিক্রিত মুল্য পরিশোধ করে (ডিপ্রিশিয়েশন এডজাস্ট করে) জমিটি ফেরত নিতে পারবেন। আমরা এটা নিয়ে বিক্রেতার সাথে কথা বললে, তিনি ফেরত নিতে রাজী হন নি। এই নিয়ে তার পরিবারের একজন মিথ্যা প্রচার করে যাচ্ছে, যেটাকে পরিবারের কর্তা এড়িয়ে যেতে বলেছিলেন। দ্বিতীয় ছবিতে জমির দামের রেকর্ড পাবেন।

৩. বিদ্যানন্দের জমিগুলোর মালিকানা বিদ্যানন্দের, আমার নামে নয়। বিদ্যানন্দের পক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন সাইন করতে পারে। তৃতীয় ছবিতে পাবেন।
৪. আমরা সব দলের মানুষকে সংযুক্ত করার চেষ্টা করেছি। বিএনপি’র আমির খসরু সাহেবকে আমন্ত্রণ জানানোর ছবি দেয়া হয়েছে চতুর্থতে।
৫. বিদ্যানন্দের ব্যাংক একাউণ্টের টাকা একাধিক স্বাক্ষরে উঠে, এবং দেশে না থাকার জন্য আমার সাইন ব্যবহার হয় না।
৬. ফেসবুকের এক লাইভে শিখা নামে একজনকে আমার বোন দেখানো হয়েছে। শিখার পুরো নাম হচ্ছে সুলতানা জান্নাত। ধর্মপ্রাণ মুসলিম এই মেয়েটি বিদ্যানন্দের আমার প্রিয় এক স্বেচ্ছাসেবী ছিলো, তবে রক্তের সম্পর্ক নেই।
৭. রূপক অর্থে নাম ব্যবহার হয় পেজের পোস্টে। মজিদ চাচা নয়, আপনি সুলতান, রহিমা কিংবা কলিম চাচা নামেও অনেক পোষ্ট পাবেন। গ্রামের নামগুলো সাধারণত কমন হয় এবং বিখ্যাত মানুষের নামেই থাকে। সে নামে একবার লিখে বিপদে পড়েছিলাম (মানহানী মামলার ঝুঁকি), কারণ একই নামে একজন রাজনৈতিক নেতা ছিলেন।
৮. একই ইভেন্টের ছবি একাধিক পোস্টে দেয়া হয়। যেমন – গরু কেনা হয়েছে, গরু প্রসেস করা হয়েছে, রান্না হচ্ছে, আহার করছেন ইত্যাদি। বিদ্যানন্দের কাছে দাতব্য কাজটি অভিযাত্রার মতো। শুধু লক্ষ্যটা মূখ্য নয়, যাত্রাপথে আপনাদের সঙ্গী করতে চাই।
৯. সীমিত রিসোর্সে প্রতিষ্ঠান চলে। এখানে খুব পেশাদার আপডেট দেয়া সম্ভব হয় না। অনাথালয়ের দাতাদের কিছু অনুরোধ রাখতে পারি নি বলে ক্ষমা চাচ্ছি। এটা অল্প সময়েও সমাধান আমরা দেখছি না অল্প রিসোর্সের জন্য। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ডে আমরা হয়তো যেতে পারবো। কিন্তু তাঁদের মতো বিশাল এডমিন খরচের বোঝাটা আমরা নিতে চাই নি।

১০. ৯৫% বিশেষ খাবার আয়োজন স্পেসিফিক দাতার স্পন্সরে হয়। আয়োজনের আগেই শিডিউল জানানো হয় যেন তিনি উপস্থিত থাকেন। আয়োজন শেষে খাবার ছবি প্রমানসহ পাঠানো হয়। আর যদি তাতেও বিশ্বাসযোগ্য না হয় তবে তাঁদের সিদ্ধান্ত মেনে নিবো।
১১. বিদ্যানন্দ মূলত নিজেদের ফেসবুক পেজগুলোতে অনুপ্রেরণার পোষ্ট শেয়ার (৩০,০০০ এর কাছাকাছি হবে) করে। বিভিন্ন স্বেচ্ছাসেবীদের শেয়ার করা হয়ে থাকে। ৯৯.৯% শুদ্ধ হলেও কিছু অনুসারী ০.১% ভুলকে বড় করে দেখতে চাচ্ছেন। আমরা সে ভুলটাকেও শুদ্ধ করতে চাই।
বিদ্যানন্দের দশ বছরের ইতিহাসে কয়েকজন কর্মীকে বহিস্কার করা হয়েছে নৈতিক স্থলনের জন্য। তরুণ বয়সে তাঁদের ক্যারিয়ার নষ্ট না করতে আমরা লিগ্যাল একশনে যাই না। এই মানুষগুলো কিছু বছর পর উল্টা ব্লেইম দিতে থাকে নিজের চলে যাওয়াটা জাস্টিফাই করতে। এতেও বেশ ক্ষতিতে পড়ে আমাদের ইমেজ।
পরিশেষে বলি, ভুল থাকবেই বিদ্যানন্দের অনেক পদক্ষেপে। শুধু বলতে পারি, কাজটা শুদ্ধভাবেই করার চেষ্টা করি। ভবিষ্যতে শুদ্ধ করার সুযোগ না পেলেও আফসোস থাকবে না। মানুষের প্রতিষ্ঠান, মানুষই ভাঙ্গবে, মানুষই গড়বে।
