জিলাইভ [ GLive ] | truth alone triumphs

গ্রাহকের পরিবারের পাশে বেঙ্গল ইসলামি লাইফ: ঝিনাইদহে মৃত্যুদাবি পরিশোধ

ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক মরহুম গ্রাহকের মনোনীত নমিনির কাছে ৩ লাখ ১৪ হাজার টাকার মৃত্যুদাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ শাখার বীমাগ্রাহক ও পুলিশ কনস্টেবল আক্তারুজ্জামানের আকস্মিক মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে এই দাবি পরিশোধ করে প্রতিষ্ঠানটি। স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশ ও চেক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি প্রয়াত কনস্টেবল আক্তারুজ্জামানের নমিনির হাতে ৩ লাখ ১৪ হাজার টাকার চেক তুলে দেন। বক্তব্যে এম এ মজিদ বলেন, পরিবারের মূল উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে যে সামাজিক ও আর্থিক সংকট তৈরি হয়, তা কাটিয়ে উঠতে বীমা এক বিশাল বড় অবলম্বন। গ্রাহকের মৃত্যুর পর দ্রুত সময়ের মধ্যে বীমা দাবি পরিশোধ করে বেঙ্গল ইসলামি লাইফ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তা প্রশংসনীয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিষ্ঠানটির এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে বীমা খাতের প্রতি আস্থা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী বলেন, তাদের মূল লক্ষ্য কেবল আর্থিক সুরক্ষা নিশ্চিত করা নয়, বরং সমাজভিত্তিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা। দেশের যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং তাদের কাজের নতুন সুযোগ তৈরি করতে বেঙ্গল ইসলামি লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এম মনিরুল আলম তপন বলেন, পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক নীতি অনুসরণ করে তাকাফুল লাইফ, স্বাস্থ্য বীমা ও ভবিষ্যৎ নিশ্চিতকারী পেনশন স্কিম পরিচালনা করছে বেঙ্গল ইসলামি লাইফ। তিনি জানান, সেবার পরিধি আরও আধুনিক ও সহজ করতে ডিজিটাল অ্যাপের ব্যবহার শুরু হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা সহজেই নিজেদের সেবা সংক্রান্ত সকল তথ্য হালনাগাদ রাখতে পারছেন। প্রযুক্তির সঠিক ব্যবহারে গ্রাহকসেবা এখন আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ ও দ্রুততর হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি নাসিম উদ্দীন এবং প্রবীণ ব্যাংকার নূরুল ইসলাম বক্তব্য রাখেন। তারা দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সময় বেঙ্গল ইসলামি লাইফের ডেপুটি প্রজেক্ট হেড হাবিবুর রহমান ও ঝিনাইদহ অফিস ইনচার্জ মো. শাহিন আলমসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বীমাকর্মী ও সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর