পটিয়ায় চাঁদাবাজি করলে পুলিশে দেওয়ার আহ্বান এমপি এনামের

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংশ্লিষ্টদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় এমপি এনামুল হক এনাম বলেন, দলীয় নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অনিয়মও বরদাশত করা হবে না। পাশাপাশি তিনি জানান, দলীয় কোনো ব্যক্তি সালিশ বা বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

এ সময় তিনি আরও বলেন, কেউ যদি সংসদ সদস্যের নাম ব্যবহার করে এলাকায় কোনো ধরনের অনিয়ম বা অপকর্ম করার চেষ্টা করে, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। স্থানীয় যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্যও তিনি অনুরোধ জানান।

হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্প প্রসঙ্গে এমপি এনামুল হক এনাম বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তাঁর ভাষায়, এতে কৃষকরা উপকৃত হবেন, নতুন পর্যটন স্পট গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে অতিবৃষ্টি বা বর্ষার পানিতে নিচু এলাকার জলাবদ্ধতা সমস্যাও কমবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এলাকায় ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান রয়েছে।

সভা সূত্রে জানা যায়, শ্রীমাই খালের ওপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় মোট ১৩৩ কোটি টাকা ব্যয়ে ব্লক স্থাপন, বাঁধ নির্মাণসহ পাঁচটি প্যাকেজে কাজ শুরু হয়েছে। প্রকল্পটি ২০২৭ সাল পর্যন্ত বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার এবং সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন।

সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।