জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের সহায়তা চেয়ে নতুন চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কপিও সংযুক্ত করা হবে।
পুলিশের সূত্রে জানা গেছে, রায়ের কপি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই চিঠি পাঠানো হবে। এর আগে দু’বার ইন্টারপোলকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করা হলেও সংস্থা নোটিশ জারির যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চেয়েছিল।
গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে যান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালও তখন ভারতে আশ্রয় নেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন জানান, আগে রায়ের আগে চিঠি পাঠানো হয়েছিল কিন্তু দণ্ডের বিষয় উল্লেখ করা হয়নি। এখন রায় ঘোষণার পর নতুন চিঠিতে মৃত্যুদণ্ডের তথ্য সংযুক্ত করা হচ্ছে।
সূত্ররা বলছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলেও তার আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হতে পারে। তাই ইন্টারপোলের মাধ্যমে প্রচেষ্টাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও আলাদা উদ্যোগ নিচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে; প্রয়োজন হলে আরও চিঠি দেওয়া হবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, এটি কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর আইনি উদ্যোগ।
জিলাইভ/টিএসএন
