ফ্যাশন দুনিয়ার আইকন মনিশ মালহোত্রা এবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন ‘গুস্তাখ ইশক’-এর মাধ্যমে। বিভু পুরির পরিচালনায় নির্মিত এই মিউজিক্যাল রোমান্টিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখ। মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে গত সোমবার ছবির ট্রেলার অত্যন্ত আড়ম্বরের সঙ্গে মুক্তি পেয়েছে।
ফাতিমা সানা এই ছবিতে প্রধান নায়িকা। ছোটবেলা থেকে অভিনয় শুরু করা ফাতিমা বলেন, ‘শিশুশিল্পী হিসেবে শুরু করেছি, তবু নায়িকা হওয়া কঠিন মনে হতো। ক্রমাগত অডিশনে অংশ নিয়ে সেই ধারণা ভেঙেছি।’ তিনি আরও জানান, ‘টেলিভিশন জগতে কঠিন সময়ও পেরিয়ে এসেছি। প্রধান চরিত্রে সুযোগ পেলে কখনো সহকর্মীর সঙ্গে খারাপ আচরণ করব না—এই মূলনীতি নিয়েই কাজ করেছি।’
রোমান্টিক অভিব্যক্তি নিয়ে তিনি বলেন, ‘প্রেম মানেই আবেগে নিজেকে সম্পূর্ণভাবে দিতে হবে। যতই নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, প্রেমে পড়লে মানুষ সব ভুলে যায়। ভালোবাসা যদি বিষাক্তও হয়, তাতেও আমরা ডুবে যাই। এই ছবির মাধ্যমে সেই অনুভূতিটা প্রকাশ করার সুযোগ পেয়েছি।’
নাসিরুদ্দিন শাহের সঙ্গে কাজ করতে গিয়ে অভিনেত্রী জানান, প্রথমে নার্ভাস ছিলেন, তবে শাহজি খুব সহমর্মী ও ধৈর্যশীল ছিলেন। তিনি ফাতিমাকে বাস্তব মুহূর্তে অভিনয় করার কৌশল শিখিয়েছেন।
বিজয় ভার্মা বলেন, ‘আজকের যুগে সম্পর্কের প্রতিটি মুহূর্তকে ট্যাগ করা হয়। তবে প্রেমের অনুভূতি আগের মতোই, শুধু প্রকাশের ধরন বদলেছে।’ বিজয় এবার রোমান্টিক চরিত্রে অভিনয় করছেন, যা আগে করা ডার্ক চরিত্রের পর একটি নতুন অভিজ্ঞতা।
‘গুস্তাখ ইশক’ ২৮ নভেম্বর মুক্তি পাবে। এটি প্রেম, কোমলতা এবং জীবনের বাস্তব সংগ্রামের গল্পকে হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তোলেছে। দর্শকরা তাতেই আবেগপ্রবণ হয়ে উঠবেন।
