পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে ঘটে যাওয়া আত্মঘাতী বিস্ফোরণ ও ওয়ানার ক্যাডেট কলেজে হামলার ঘটনায় ভারতের প্রতি দায় আরোপ করেছেন এবং কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন।
শেহবাজের অভিযোগ, দুটি হামলার পেছনে রয়েছে ভারতের সমর্থনপুষ্ট জঙ্গি গোষ্ঠী। ইসলামাবাদে মঙ্গলবার জেলা আদালতের সামনে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর আগে সোমবার খাইবার পাখতুনখোয়ায় ওয়ানার একটি ক্যাডেট কলেজে হামলা ঘটে।
শেহবাজ বলেন, “এই দুটি হামলা এ অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ। বিশ্বের এখন সময় এসেছে ভারতের এই জঘন্য ষড়যন্ত্রের নিন্দা জানানোর।” তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানিয়েছে, ইসলামাবাদে আদালতের কাছে বিস্ফোরণকে শেহবাজ ‘জাতির জন্য জাগরণের ঘণ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন, দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
ওয়ানার ক্যাডেট কলেজে হামলার বিষয়ে শেহবাজ বলেন, “আফগানিস্তানের মাটির মাধ্যমে ভারতের প্ররোচনায় জঙ্গি নেটওয়ার্ক এখন ওয়ানায় শিশুদের ওপরও হামলা চালাচ্ছে। এসব হামলার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়।”
শেহবাজ আরও বলেন, “সন্ত্রাসবাদের কষাঘাত পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তান এ যুদ্ধ চালিয়ে যাবে।”
