৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা আজ শুরু। দেশের ৮টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজ শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৭ হাজার ২৪১ জন পরীক্ষার্থী। বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট।
৮ বোর্ডের এইচএসসি পরীক্ষা আজ শুরু
বৃহস্পতিবার থেকেই দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিলো। মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। সারাদেশে মোট কেন্দ্র ২ হাজার ৬৫৮টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি।

বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পিছিয়ে দেওয়া চারটি বিষয়ের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে তিন বোর্ড।চলতি বছর একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা হবে। শুধুমাত্র আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রশ্নফাঁস রোধ এবং নকলমুক্ত সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। এরমধ্যে অন্যতম হচ্ছে কোচিং সেন্টার বন্ধ রাখা। গত ১৪ আগস্ট থেকে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং বন্ধ রাখা হবে।

জানা যায়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, স্ব স্ব বোর্ড পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে। প্রশ্নফাঁস, পরীক্ষার কেন্দ্র ও কক্ষকেন্দ্রিক যেসব নির্দেশনা, সেগুলোও দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দেবে।