৫০০ সপ্তাহে রিহানার ‘অ্যান্টি’: পপ সংগীতে এক নতুন ইতিহাস

রিহানা আবারও প্রমাণ করেছেন যে তিনি সংগীতজগতের অন্যতম দীর্ঘস্থায়ী এবং প্রভাবশালী শিল্পী। তাঁর অ্যালবাম অ্যান্টি বিলবোর্ড ২০০–তে ৫০০ সপ্তাহ পূর্ণ করল, যা কৃষ্ণাঙ্গ নারী শিল্পীদের ইতিহাসে প্রথম। এই অর্জন শুধু চার্ট–সাফল্য নয়; এটি রিহানার বৈশ্বিক প্রভাব এবং তাঁর সংগীতের দীর্ঘমেয়াদি জনপ্রিয়তার প্রমাণ।

রিহানা সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দ ভাগ করে নেন। “God Ain’t Forget Bout Me!”—এই বার্তাটি দ্রুতই ভাইরাল হয়। দীর্ঘ বছর নতুন অ্যালবাম প্রকাশ না করলেও স্ট্রিমিং–এ তাঁর আধিপত্য অব্যাহত রয়েছে। ২০২৫ সালে তিনি স্পটিফাই–এ ১০ কোটি মাসিক শ্রোতার রেকর্ড করেন, যা তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক জনপ্রিয়তাকে আরও দৃঢ় করে।

অ্যান্টি প্রকাশের সময় থেকেই প্রশংসিত হয়। Work গানটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। সময়ের সঙ্গে অ্যালবামটির সাংস্কৃতিক গুরুত্ব আরও বেড়েছে, এবং এটি রোলিং স্টোনের ৫০০ সেরা অ্যালবামের তালিকায় যুক্ত হয়েছে।

এ বছর Music of the Sun–এর ২০ বছর পূর্তি উপলক্ষে তিনি তাঁর ভক্তদের জন্য নতুন মার্চেন্ডাইস প্রকাশ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সব অ্যালবামের নাম তুলে ধরেন, যা ভক্তদের মাঝে নতুন অ্যালবাম নিয়ে আলোচনার জন্ম দেয়।

২০০৫ সালের Music of the Sun–ই রিহানার সংগীতজীবনের ভিত্তি। Pon de Replay গানটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে তোলে। পরবর্তী সময়ে তিনি নয়টি গ্র্যামি এনে দেন এবং ১৪টি গান বিলবোর্ডের শীর্ষ স্থানে যায়।

নতুন সাফল্যের সাথে সাথে রিহানার বহুল প্রতীক্ষিত R9 নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। মেট গালা ২০২৫–এ তিনি তাঁর তৃতীয় সন্তানের খবর জানান, তবে জোর দিয়ে বলেন—অ্যালবামের কাজ থেমে নেই। হার্পার’স বাজারকে তিনি জানান, অ্যালবামটি আট বছর ধরে তৈরি হচ্ছে এবং এতে তাঁর সঙ্গীত নতুন পথে এগোবে। তিনি বলেছেন: “এটি রেডিও–কেন্দ্রিক নয়; আমি মনে করি অবশেষে আমি কাঙ্ক্ষিত রূপটি খুঁজে পেয়েছি।”

অ্যান্টি এখনও চার্টে অবস্থান করছে। ভক্তরা অপেক্ষায় আছে। আর রিহানা আবারও প্রমাণ করছেন—তিনি নীরব থাকলেও তাঁর শক্তি কমে না, বরং বাড়ে।

এজে