রাজশাহী-সিলেটে ২০ শতাংশ ভোট পড়েছে: ইসি রাশেদা। দুই সিটিতে সব মিলিয়ে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। চার ঘণ্টায় ২০ শতাংশের মতো ভোট পড়েছে। বুধবার (২১ জুন) রাজধানীর নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন চার ঘণ্টা পর্যবেক্ষণ করে এ কথা বলেন তিনি।
সকাল ৮ টা থেকে প্রায় আট লাখ ভোটের দুই মহানগরীতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর।

রাজশাহী-সিলেটে ২০ শতাংশ ভোট পড়েছে: ইসি রাশেদা
ইসি রাশেদা সুলতানা বলেন, আমরা সকাল থেকে যা দেখতে পাচ্ছি সার্বিক অবস্থা ভালো। সকালে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছিল, এখন বৃষ্টির গতিটা একটু কম। বৃষ্টি হলেও ভোট কাস্টিং বন্ধ ছিল না। ভোটার উপস্থিতি এখনো ভালো। কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই। কারো কাছ থেকে অনিয়মের কোনো তথ্য আমাদের কাছে নেই।
প্রার্থীদের এজেন্ট বের কর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এজেন্ট বের করে দেওয়ার তথ্য আমাদের কাছে নেই। অভিযোগ পেলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।