১০ দফা দাবি নিয়ে পদযাত্রায় ১২ দলীয় জোট

জিলাইভ ডেস্কঃ

দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে এক পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রশাসন দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এ অবস্থায় দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের পতনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সরকার উন্নয়নের নামে সাধারন জনগনের সাথে উপহাস করছে মন্তব্য করে পদযাত্রার বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেশের সাধারণ মানুষকে দিশেহারা করে তুলেছে। সরকার বিদেশি ঋণের টাকায় মেগা-প্রজেক্ট বাস্তবায়ন দেখিয়ে ক্ষুধার্ত জনগণকে উন্নয়নের নামে উপহাস করছে। ঋণের টাকায় অবৈধ সরকারের সঙ্গে থাকা সহযোগীরা ঘি খাচ্ছেন ও বিদেশে টাকা পাচার করছেন।

 

খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ গ্যাস ও জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রার আয়োজন করে ১২ দলীয় জোট।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে বক্তব্যে মোস্তাফা জামাল উল্লেখ করেন, ২০১৪ ও ২০১৮ সালে জালিয়াতির নির্বাচন করে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে এ দেশে আর কোনো জালিয়াতির নির্বাচন করতে দেওয়া হবে না।

পদযাত্রাটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু হয়ে আজাদ প্রোডাক্টসের গলি দিয়ে কালভার্ট রোড হয়ে আবার বিজয়নগর এসে শেষ হয়।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

Leave a Comment