হঠাৎ অসুস্থ হয়ে নচিকেতা চক্রবর্তী হাসপাতালে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে আচমকাই শারীরিক অস্বস্তি অনুভব করায় তাঁকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমে তাঁর অসুস্থতার খবর প্রকাশিত হয়েছে।

৬১ বছর বয়সী গায়ক পরপর কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। শনিবার রাতের দিকে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করেন। রাত দুইটার দিকে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হৃদয়জনিত সমস্যার কারণে গায়ের বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গায়কের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি চিকিৎসার প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন।

নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, ‘বাবার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি একাধিক অনুষ্ঠান শেষ করেছেন। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। হার্টে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তবে এখন তিনি অনেকটা সুস্থ।’

নচিকেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করলেও আগে হৃদরোগ ছিল না। সম্প্রতি ধারাবাহিকভাবে গানের অনুষ্ঠানে অংশ নেওয়ায় শারীরিক চাপ বেড়েছে। রবিবার আসানসোলে একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তা বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের সকল অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে।

এজে