হংকংয়ের বীমা খাত ২০২৬ সালে ব্যাংকিং খাতের তুলনায় বেশি নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বলে র্যান্ডস্ট্যাডের ২০২৬ মার্কেট আউটলুক অ্যান্ড স্যালারি গাইডে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সম্প্রসারণ পরিকল্পনা এবং গ্রাহকদের পরিবর্তিত প্রত্যাশার ফলে বীমা খাত নতুন বছরে আরও শক্তিশালী নিয়োগ প্রবণতা নিয়ে সামনে এগোচ্ছে। এই পরিস্থিতি হংকংয়ের বিস্তৃত আর্থিক সেবা খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বীমা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে ঐতিহ্যগত বাজারের বাইরে ব্যবসা সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে। দুবাই, থাইল্যান্ড ও ফিলিপাইনে সম্প্রসারণ উদ্যোগ ইতিমধ্যেই এগিয়ে চলছে। অন্যদিকে হংকং এবং মূলভূখণ্ড চীনের অভ্যন্তরীণ বাজার ধীরে ধীরে পরিপক্ব হয়ে ওঠায় প্রতিষ্ঠানগুলো এশিয়া ও মধ্যপ্রাচ্যের উদীয়মান বাজারে নতুন সম্ভাবনা খুঁজছে। দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখা এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবিলা করতে এই ভৌগোলিক বৈচিত্র্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে।
ডিজিটাল রূপান্তর দ্রুত হওয়া সত্ত্বেও বীমা খাতে এখনও উল্লেখযোগ্য জনবল সংকট রয়েছে, বিশেষত জীবন বীমা দাবি–বিভাগে। দাবি নিষ্পত্তি একটি সংবেদনশীল এবং বিচক্ষণতার ওপর নির্ভরশীল প্রক্রিয়া হওয়ায় এসব পদ পূরণ করা কঠিন হয়ে পড়ে। দাবি সংখ্যা এবং জটিলতা বাড়তে থাকায় এ সংকট আরও প্রকট হচ্ছে। যদিও অটোমেশন প্রশাসনিক অনেক কাজকে সহজ করে দিয়েছে, দাবি যাচাই–বাছাইয়ে মানবিক সিদ্ধান্ত এখনো অপরিহার্য এবং প্রযুক্তি দিয়ে পুরোপুরি প্রতিস্থাপন সম্ভব নয়।
স্থায়ী ব্যাক-অফিস নিয়োগ কমে গেলেও চুক্তিভিত্তিক এবং নমনীয় কর্মসংস্থানের ওপর নির্ভরতা বাড়ছে। র্যান্ডস্ট্যাড জানায়, দাবি নিষ্পত্তি, গ্রাহকসেবা এবং পলিসি প্রশাসনে হাইব্রিড নিয়োগ মডেল প্রতিষ্ঠানগুলোকে বাড়তি কাজের চাপ এবং জটিল গ্রাহক চাহিদার প্রতি দ্রুত সাড়া দিতে সহায়তা করছে। বিশেষ করে দাবি ও আন্ডাররাইটিং বিভাগে চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে ব্যস্ত সময়েও কার্যক্রম স্থিতিশীলভাবে পরিচালিত হয়।
প্রতিবেদনটি আরও জানায়, হংকংয়ের আর্থিক খাতে ভবিষ্যতে এমন প্রতিষ্ঠানই এগিয়ে থাকবে যারা পরিচালনাগত নির্ভুলতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনা বজায় রাখতে সক্ষম হবে। যারা আর্থিক শৃঙ্খলা রক্ষা করে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবে, তারা বৈশ্বিক পরিবর্তনশীল অবস্থায় প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থানে রাখতে পারবে। কর্মী ধরে রাখা এবং দূরদর্শী জনবল কৌশল গ্রহণকেই বাজারে নেতৃত্ব সুনিশ্চিত করার মূল উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চাকরিপ্রার্থীদের বেতন কাঠামো সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, অভিজ্ঞতা ও দায়িত্ব অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে। প্রশাসন, গ্রাহকসেবা এবং দাবি–সংক্রান্ত বিভাগের এন্ট্রি-লেভেল কর্মীরা মাসিক প্রায় ২,৩৪০ ডলার (১৮,০০০ হংকং ডলার) বেতন পেতে পারেন। মধ্য-অভিজ্ঞতার কর্মীদের মাসিক বেতন ৬,৫০০ ডলার (৫০,০০০ হংকং ডলার) থেকে ১১,৭০০ ডলার (৯,০ ০০ হংকং ডলার) পর্যন্ত হতে পারে। অ্যাকচুয়ারি, আন্ডাররাইটিং, পণ্য উন্নয়ন এবং ট্রান্সফরমেশন–সম্পর্কিত বিশেষায়িত পদগুলোর বেতন আরও বেশি, যা ১৫,৬০০ ডলার (১,২০,০০০ হংকং ডলার) থেকে ৩৯,০০০ ডলার (৩,০০,০০০ হংকং ডলার) পর্যন্ত হয়ে থাকে।
প্রতিবেদন অনুযায়ী বীমা খাতে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পদ হলো চিফ অ্যাকচুয়ারি, যেখানে মাসিক বেতন ২৩,৪০০ ডলার (১,৮০,০০০ হংকং ডলার) থেকে ৩৯,০০০ ডলার (৩,০০,০০০ হংকং ডলার) পর্যন্ত হতে পারে। এটি স্পষ্ট করে যে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অ্যাকচুয়ারিদের ভূমিকা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।