সৌদি আরবে মদ বিক্রির ওপর বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে। এবার উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের জন্য অ্যালকোহল কেনার সুযোগ প্রদান করা হয়েছে। বিদেশিরা শুধুমাত্র আয়ের প্রমাণ দেখালে রিয়াদের একমাত্র সরকারি মদের দোকানে প্রবেশ করতে পারবেন এবং সেখানে কেনাকাটা করতে পারবেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যারা মাসিক আয় হিসেবে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩ হাজার ৩০০ ডলার) বা তার বেশি উপার্জন করেন, তারা এখন সৌদি আরবে সরকারি অনুমোদিত মদের দোকান থেকে অ্যালকোহল ক্রয় করতে পারবেন। গত বছর এই দোকানটি প্রথমে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত ছিল। সম্প্রতি ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ থাকা অমুসলিম বিদেশিদেরও দোকানে প্রবেশাধিকার দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ এখনো এই নতুন নীতি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি, জানিয়েছে ব্লুমবার্গ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দোকানটিতে ক্রেতারা মাসিক পয়েন্ট-ভিত্তিক ভাতা ব্যবহার করে অ্যালকোহল ক্রয় করতে পারবেন।
আগের এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদি আরবে আরও দুটি শহরে নতুন মদের দোকান নির্মাণের কাজ চলছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই শিথিল নীতি প্রণয়নের পেছনে বিভিন্ন প্রণোদনা রয়েছে। দেশটির বর্তমান সামাজিক জীবনধারা উচ্চশিক্ষিত বিদেশি শ্রমিকদের আকৃষ্ট করতে প্রিন্স সালমানের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিবর্তন সেই লক্ষ্য আরও সহজতর করতে সহায়ক হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সৌদি আরব ২০৩৪ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। বহু বিদেশি দর্শকও এই সময় দেশটিতে ভ্রমণ করবেন এবং তারা আশা করছেন সেখানে সহজে মদ কেনার সুযোগ পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ সৌদি আরবের আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করবে।
উচ্চ আয়ের অমুসলিম বিদেশিদের জন্য মদ ক্রয়ের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সৌদি আরব তার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে। এটি দেশের বিনিয়োগ, পর্যটন ও বহুজাতিক শ্রমিক আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: এনডিটিভি