বিএনপি কোনোভাবেই সিটি নির্বাচনে অংশ নেবে না: ফখরুল

বিএনপি কোনোভাবেই সিটি নির্বাচনে অংশ নেবে না: ফখরুল। গাজীপুরসহ পাঁচ সিটি নির্বাচনে বিএনপির কোন প্রার্থী কোনোভাবেই অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি, কোনো রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচনে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এখানে মেয়র নির্বাচনই বলেন বা কমিশনার নির্বাচনই বলেন, এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।

বিএনপি কোনোভাবেই সিটি নির্বাচনে অংশ নেবে না: ফখরুল

ফখরুল আরো বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোয় জনগণ অংশগ্রহণ করছে না, ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না। সম্প্রতি যে ভোট হয়ে গেল (চট্টগ্রামে উপনির্বাচন), সেই ভোটে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দিতে গেছে। সুতরাং জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে, এ সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে না। সে কারণেই আজ আওয়ামী লীগ এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়।

মহাসচিব বলেন, বিএনপি ২০১৪ সালেও নির্বাচনকে সম্পূর্ণভাবে একটা প্রহসনে পরিণত করেছে, নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ভোট করে নিয়ে জোর করে তারা ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একদলীয় শাসনব্যবস্থা, বাকশালের মতো একটা শাসনব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে চায়।

বেলা ১১টায় বিএনপি মহাসচিব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা  উপস্থিত ছিলেন।

Leave a Comment