যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার ১৬ দিনের সরকারি সফর শেষ করে আজ বুধবার (৪ অক্টোবর) দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) মঙ্গলবার রাত ০৯টা ১০ মিনিটে (লন্ডন সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী। ১৭-২২ সেপ্টেম্বর অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। ২৩ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসি যান, সেখানে অবস্থান করেন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান। অবস্থান করেন ৩ অক্টোবর পর্যন্ত।
লন্ডনে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ার এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলী এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থল হোটেল তাজে গিয়ে সাক্ষাৎ করে।

এছাড়াও এফডিসিও প্রতিমন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বলডন, হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান গোপীচাঁদ হিন্দুজা, হিন্দুজা গ্রুপ ইউরোপের চেয়ারম্যান প্রকাশ পি হিন্দুজা, অশোর লিলেন্ডের চেয়ারম্যান অশোক হিন্দুজা ও ধীরাজ হিন্দুজাসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবারও যুক্তরাজ্য ও ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দেশবিরোধী অপপ্রচার রোধে সক্রিয় হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানা।
