নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের উপর হামলা করা হয়েছিল আমরা কিছু করিনি। এমন কিছু করবেন না যেন আমাদের উপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।
সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না: শামীম ওসমান
বাংলাদেশ একটি দেশ। এ দেশ তোমার আমার দু’জনের মা। এটা আমার মাতৃভূমি এটা আমার ভবিষ্যৎ। এই মাতৃভূমি স্বাধীন করার জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। এই মাতৃভূমিকে আবারো ক্ষতবিক্ষত করার জন্য আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে ৯৬ নং সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ৬ তলা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন শামীম ওসমান।
শামীম ওসমান আরও বলেন, আজকে লজ্জা লাগছে যেই দেশ পৃথিবীর সবচেয়ে বেশি রক্ত দিয়ে স্বাধীন হয়েছে সেই দেশকে বলা হচ্ছে জাতিসংঘের অধীনে নির্বাচন করার জন্য। এতে আমাদের মত কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি খুশি হচ্ছে। যদিও এটা জীবনে কখনো হবে না কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনেকেই স্বপ্ন দেখছেন রাতের আধারে ক্ষমতায় চলে আসবেন। ক্ষমতা তো অনেক দূরের কথা ক্ষমতার একশ কিলোমিটারের মধ্যে আসতে পারবেন না।
তিনি আরও বলেন, আমার খুব অবাক লাগছে যে দেশ ত্রিশ লক্ষ মানুষের রক্ত দিয়ে কেনা এবং এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কাছে আমরা কি জবাব দেব। কেউ রাজনীতি করে ইবাদত করার জন্য, কেউ আসে নিজের সম্পদ বাড়ানোর জন্য।
এ সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সামনে তোমাদেরকে সবকিছু করতে হবে। এই পৃথিবীতে কেউ কোন কিছু করে দিবে না। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে সামনের দরজাটা খুব শক্ত, ওই দরজাটাকে লাথি মেরে তোমাদেরই ভাঙতে হবে। তোমাকে কিন্তু কেউ জায়গা করে দিবে না।