আপিল বিভাগ দেশের সর্বোচ্চ আদালত হিসাবে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছে এবং ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত করেছে।
রায়ে বলা হয়েছে, আপিল বিভাগের পূর্বের রায় একাধিক ত্রুটিতে ভরপুর এবং তাই তা সম্পূর্ণভাবে বাতিল করা হলো। সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২ (ক)-এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানাবলী, যা ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারায় অন্তর্ভুক্ত ছিল, আজকের রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও পুনর্বহাল করা হলো। তবে নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানাবলী কেবল ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
এর আগে সংবিধানের সেই সংশোধনী, যার মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল। উল্লেখ্য, ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়েছিল।
খবরওয়ালা/টিএসএন
