শ্যালিকাকে ধর্ষণচেষ্টার মামলায় দুলাভাইকে গ্রেফতার। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় তার দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই তরুণী ফতুল্লা মডেল থানায় মামলা নারী নির্যাতন দমন আইনে তার দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শ্যালিকাকে ধর্ষণচেষ্টার মামলায় দুলাভাইকে গ্রেফতার
গ্রেফতার ওই যুবকের নাম মো. রিপন (৩৮)। ভোলার বোরহান উদ্দিন থানার বড় গাছিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রিপন ফতুল্লায় একটি ভাড়া বাসায় থাকেন এবং পোশাক কারখানায় কাজ করেন। ওই তরুণীও পোশাক শ্রমিক এবং একই বাসায় থাকতেন।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণী তার বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে ফতুল্লার ওই ভাড়া বাসাটিতে থাকেন। শুক্রবার ভোর ৫টার দিকে রিপন ওই তরুণীর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই তরুণী টের পেয়ে চিৎকার দিলে তার বড় বোন সেখানে যায়। তখন রিপন ঘর থেকে বেরিয়ে যায়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ভুক্তভোগী তরুণী নিজেই থানায় এসে তার রিপন নামে ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলার পরপরই রিপনকে গ্রেফতার করা হয়।
