জুন মাসের প্রথম ১৬ দিনে রেমিটেন্স এসেছে ১১৩ কোটি ডলার

২০২৩ এর জুন মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিটেন্স এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এতে দৈনিক গড়ে দেশে আসে ৭ কোটি মার্কিন ডলার রেমিটেন্স। সোমবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, চলতি মাসের ১৬ দিনে যে পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৭২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

জুন মাসের প্রথম ১৬ দিনে রেমিটেন্স এসেছে ১১৩ কোটি ডলার

ব্যাংক সূত্র জানায়, বৈধ পথে রেমিটেন্স পাঠালে নগদ প্রণোদনা পাওয়া যায়। ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে পরিবার পরিজনের কাছে রেমিটেন্স পাঠাচ্ছে। ফলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এদিকে রেমিটেন্স বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। গত বছর ১৬ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে প্রবাসীদের উদ্দেশ্যে জানায়, হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে রেমিটেন্স না পঠিয়ে বরং বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স প্রেরণ করুন, প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন।

উল্লেখ্য বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিটেন্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

Leave a Comment