রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১৩ মে) ভোরে মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় ভেতরে থাকা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানটিরও তেমন কোনো ক্ষতি হয়নি বলে জান গেছে।
শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
বিমান ছিটকে যাওয়ার ঘটনায় এ বিমানবন্দরটিতে প্রায় এক ঘণ্টা বিমান উঠানামা বন্ধ ছিল। এ দুর্ঘটনার বিষয়টি নোটবুকে উল্লেখ করেননি বিমানটির দুই ক্যাপ্টেন।

শনিবার ভোর ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৮৭) কুয়ালালামপুর থেকে এসে শাহজালাল বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। এ সময় নিরাপদে অবতরণ করতে না পেরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে অন্যদিকে চলে যায়।
খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টা পর দুটি পুশকার্ড দিয়ে বিমানটি ধাক্কা মেরে রানওয়েতে উঠিয়ে টার্মিনালে আনা হয়। এই সময়ে অবতরণ করতে না পেরে ছয়টি ফ্লাইট আকাশে উড়তে থাকে।
বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন ইসহাক ও হাসান ইমাম। মূলত বিমানটি অবতরণের সময় পাইলট কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারেননি।
এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হবে।