আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি ‘কর্মী’র, পা ধুইয়ে ‘ক্ষমা চাইলেন’ মুখ্যমন্ত্রী । ভারতীয় এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রদেশের একজন উপজাতি ব্যক্তির মুখে ‘বিজেপি’ কর্মীর’ প্রস্রাবের পর রাজ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং এর জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার নিজের বাসভবনে ডেকে ভুক্তভোগী যুবক দশমত রাওয়তের সঙ্গে দেখা করেছেন। এ সময় মুখ্যমন্ত্রী নিজে ওই যুবকের পা ধুইয়ে দেন এবং এই অনভিপ্রেত ঘটনার জন্য তার কাছে ক্ষমা চান। এসময় তাকে নিজের বন্ধু বলেও অভিহিত করেন মুখ্যমন্ত্রী।
আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, পা ধুইয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী
এছাড়া মুখ্যমন্ত্রী তার সঙ্গে খাবার খান এবং তাকে উপহারও দিয়েছেন। চৌহানের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শ্রদ্ধার ভঙ্গিতে পা ধোয়ার আগে কারাউন্ডি গ্রামের ৩৬ বছর বয়সী এই উপজাতি যুবকের সঙ্গে কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, আদিবাসী এক যুবকের মুখে প্রস্রাব করে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটে ৪ জুলাই। ঘটনায় তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী । অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি। তার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত প্রবেশ শুক্লাকে। গ্রেপ্তারির পর আরও বড় পদক্ষেপ নেওয়া হয় অভিযুক্তের বিরুদ্ধে।
বুধবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। যদিও অভিযুক্তের পরিবার থেকে বারবার দাবি করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই ভিডিও ছড়ানো হয়েছে। তার বাবার দাবি, ছেলে এই ধরনের কোনও কাজ করেনি।