মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে দীর্ঘদিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো মনির হোসেন, যার পরিচয় ‘রক্তচোষা জনি’ হিসেবে, দেশীয় অস্ত্রসহ র‌্যাব-২ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতের অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে জনি ও তার দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি, মারধর, এলাকার ভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম এবং অস্ত্র মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

র‌্যাব জানিয়েছে, শুক্রবার দুপুরে বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরও মোহাম্মদপুর থানা পুলিশ জনিকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল। পুলিশের তথ্য অনুযায়ী, জনির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা ছিল।

মো. মনির হোসেনের নাম পুনরায় আলোচনায় আসে, যখন ক্ষমতার পালা বদলের পর মোহাম্মদপুর এলাকায় একাধিক খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার এড়িয়ে অনুসারীদের মাধ্যমে এসব অপরাধ চালিয়ে আসছিলেন।

সূত্র: কালের কণ্ঠ

টিএসএন