মেক্সিকোর মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার এ তথ্য জানিয়েছে রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, মেক্সিকো সিটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের ওই নিরাময় কেন্দ্রে রবিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার কারণ উদঘাটনে বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত এপ্রিল মাসেও মেক্সিকোর সহিংসতায় জর্জরিত সিনালোয়া রাজ্যের এক মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে নয়জন নিহত হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সংশ্লিষ্ট সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।