মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা দিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর । খেলাপি ঋণগ্রহীতার জামিনদার হওয়ার কারণে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা । তবে, মনোনয়ন ফিরে পেতে আপিল ও হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুরের সাবেক এই মেয়র। রোববার (৩০ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে তার উপস্থিতিতে এই সিটির রিটার্নিং কর্মকর্তা এই আদেশ দিলেন।
এই সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দেওয়া আওয়ামী লীগ থেকে বহিঃস্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন প্রার্থী হতে পারবেন।

মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা দিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর
এ সময় জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী জামিনদার কখনো ঋণ খেলাপি হয় না। তাছাড়া খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ঋণ পুনঃতফসীলীকরণের জন্য ইতোমধ্যে কিস্তির টাকা জমা দিয়েছে এবং আবেদন করেছেন। আমি একটি শিল্প প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য মানবিক কারণে আমি আমার নিজের জমি বন্ধক রেখেছিলাম। আমি ওই টাকা নিজের জন্য নেইনি এবং প্রতিষ্ঠানটি ঋণের টাকা পরিশোধ করেছে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, আমি কমিশনের কাছে নিরপেক্ষতা ও ন্যায়বিচার পাইনি। আমি এই আদেশের বিরুদ্ধে আপিল করব, আমি হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব।
এ সময় তিনি দেশবাসীর কাছে প্রশ্ন করেন আমি নির্বাচন কমিশনের কাছে ন্যায়বিচার আশা করতে পারি কিনা? আমি তা দেশবাসীর কাছে জানতে চাই।

মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা ছাড়াও নির্বাচন কমিশনের কর্মকর্তা বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং নির্বাচনে মনোনয়ন দাখিলকারী অন্যান্য মেয়র, কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।