ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকায় মধ্যরাতে বন্ধুকে মোবাইলে কল করে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করলো অপর বন্ধু। রোববার (৯ জুলাই) মধ্য রাতে পৌর এলাকার ফয়লা মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতে ‘নিহত মেহেদী হাসান (২৪) হলেন কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সফর আলীর ছেলে।
এ ঘটনায় রাতেই বন্ধু আসামি আকরাম হোসেনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এছাড়া আটককৃতের ভাই সাদ্দাম হোসেন পলাতক রয়েছে। আটক আকরাম হোসেন হলেন একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।
মধ্যরাতে বন্ধুকে মোবাইলে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা
মধ্যরাতে বন্ধুকে মোবাইলে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা নিহত মেহেদীর মা সাবিয়া বেগম জানান, তার ছেলের ভিসা-পাসপোর্ট সহ বিমানের টিকিট হয়েগেছে । আর ৩ দিন পরে ছেলে মালয়েশিয়া চলে যাবে। কিন্তু তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাদ্দাম ও আকরাম তার ছেলেকে হত্যা করেছে। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহত মেহেদীর স্ত্রী আকলিমা বেগম জানান, রাত সাড়ে ১১টার দিকে তার স্বামীর খাওয়া শেষের দিকে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই তিনি জানতে পারেন প্রতিবেশী আকরামের বাড়িতে পড়ে আছে তার স্বামী। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের একটি ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তদন্তের পর বেরিয়ে আসবে।
