মজুরি বাড়ছে পোশাক শ্রমিকদের

মজুরি বাড়ছে পোশাক শ্রমিকদের । চলতি বছরই পোশাক শ্রমিকদের মজুরি বাড়ছে। এ ক্ষেত্রে ইতোমধ্যেই নতুন মজুরি বোর্ড গঠিত হয়েছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতে বাৎসরিক ইনক্রিমেন্টও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে মালিক ও শ্রমিক পক্ষ।ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ধাক্কায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও মূল্যস্ফীতিতে আক্রান্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যমতে, এপ্রিলে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে পোশাক শ্রমিকরা বিপাকে পড়েছেন।

এ পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, ‘আশা করি, আমরা একটি সুন্দর মজুরি নির্ধারণ করতে পারব। এতে আমরা চেষ্টা করব যেন মালিক ও শ্রমিক, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।’  

মজুরি বাড়ছে পোশাক শ্রমিকদের

 
এদিকে বর্তমান বাজারদর বিবেচনায় নিয়ে শ্রমিকদের জীবন ধারণের জন্য উপযুক্ত বেতন কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, বাজারে ঊর্ধ্বগতির কথা বিবেচনায় নিয়ে আমরা শ্রমিকদের মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানাছি।  
মজুরি বাড়ছে পোশাক শ্রমিকদের

মজুরি বাড়ছে পোশাক শ্রমিকদের

 

 

তবে পোশাক রফতানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মালিকদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ করে যৌক্তিক হারে বেতন সমন্বয়ের দাবি জানিয়েছেন পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সহসভাপতি শহীদুল্লাহ আজীম। তিনি বলেন, শ্রমিকদের বেতন সহনীয় পর্যায়ে রাখতে হবে যাতে কোনো পক্ষই ক্ষতির মুখে না পড়ে।

এ ক্ষেত্রে নিম্নতম মজুরি বোর্ডে পোশাক শ্রমিকদের চাওয়া পূরণ হবে বলে আশা প্রকাশ করেন নিম্ন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সুলতান আহমেদ।এদিকে শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করার পাশাপাশি মালিকদের সামর্থ্য বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কথা জানিয়েছেন মজুরি বোর্ডে কারখানা মালিকদের প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের শ্রমিকের দিকটি যেমনভাবে বিবেচনা করতে হবে, ঠিক তেমনি মালিক পক্ষ ও সরকারকেও দেখতে হবে।’
মজুরি বাড়ছে পোশাক শ্রমিকদের
অন্যদিকে দেশের পোশাক কারখানাগুলোতে মজুরি কাঠামো অনুযায়ী, বেতন-ভাতার পাশাপাশি সঠিকভাবে বাৎসরিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে মালিক ও শ্রমিক সংগঠনগুলো। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য বলছে, মালিকরা বার্ষিক ইনক্রিমেন্ট দিয়ে যাচ্ছে।’সবশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের জন্য আট হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়। আর মূল মজুরি ধরা হয় ৪ হাজার ১০০ টাকা।

Leave a Comment