ডেঙ্গুর ভ্যাকসিনের ট্রায়াল আগামী অক্টোবরে, জানালেন বিএসএমএমইউ ভিসি । অবশেষে ভাইরোলজিস্ট সোসাইটির পরামর্শকেই গ্রহণ করলো সরকার। ডেঙ্গু মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অক্টোবর থেকে তৃতীয় ধাপের ট্রায়ালে যাবে বলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শারফুদ্দিন আহমেদ জানান।
তিনি বলেন, আমরা বর্তমানে জাপান ও আমেরিকার তৈরি দুটি ভ্যাকসিনের জন্য আলোচনা করছি। তাদের সঙ্গে আলোচনাটি অনেক দূর এগিয়েছে এবং একই সঙ্গে চলছে বাস্তবায়নের নানান প্রস্তুতি। মূল ঔষধ কোম্পানিগুলো যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই বিএসএমএমইউ পদক্ষেপ নিবে।
ডেঙ্গুর ভ্যাকসিনের ট্রায়াল আগামী অক্টোবরে, জানালেন বিএসএমএমইউ ভিসি
বাংলাদেশ ভাইরোলজিস্ট সোসাইটির সভাপতি প্রফেসর মো. কাজী জুলফিকার মামুন তৃতীয় ধাপের পরীক্ষার আগে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার পরামর্শ দেন। তিনি বলেন, যদি সরাসরি তৃতীয় ধাপেই যেতে হয় তবে অবশ্যই কমপক্ষে ১০ হাজার স্বাস্থ্যবান, সুস্থ ও পূর্ণ বয়স্ক পুরুষদের মাঝে পরীক্ষা করে কোন পাশর্^ প্রতিক্রিয়া আছে কিনা সেটা দেখতে হবে। মহিলা বা শিশুদের পরীক্ষার আওতায় না আনারও পরামর্শ দেন তিনি।

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. তারেক মাহবুব খান এ সংখ্যাকে নূন্যতম ২০ হাজার করার পরামর্শ দেন।
তিনি বলেন, এ পরীক্ষা মানে এই নয় যে এ বছরই ভ্যাকসিন দেয়া যাবে। এর অর্থ হচ্ছে আগামী বারের জন্য আমরা প্রস্তুত হলাম। একটি পরীক্ষার জন্য ১৮ মাস সময় লাগে। দুটি ডোজের প্রয়োজন হয়। সময় বেশি নিলে ভালো ও নির্ভুল ফলাফল পাওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৪০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪০ জনের মৃত্যু হয়েছে।