২০২৫ সাল বিশ্বসংগীতের ইতিহাসে সত্যিই এক জমকালো বছর হিসেবে চিহ্নিত হবে। এই বছরে শিল্পীরা বিশ্বব্যাপী বেরিয়েছেন ওয়াল্ড ট্যুরে, এবং দর্শকরা বিশ্বের নানা প্রান্ত থেকে মিলিত হয়ে সংগীত উৎসব ও কনসার্টকে উদযাপনের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। ফলে অনেক দেশের জন্য এটি এক বড় রাজস্ব উৎস হয়ে দাঁড়িয়েছে। শুধু লাইভ পারফরম্যান্সই নয়, বরং নতুন গান ও অ্যালবামের প্রকাশ, স্ট্রিমিং প্ল্যাটফর্মের পেইড সাবস্ক্রিপশনের উত্থান এবং সংগীতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিপ্লব—সব মিলিয়ে ২০২৫ সালকে স্মরণীয় করেছে।
লাইভ মিউজিকের দিক থেকে এটি ছিল একটি যুগান্তকারী বছর। বিভিন্ন ব্যান্ড ও শিল্পী সংগীত সফরে বেরিয়েছেন, যেখানে দর্শক উপস্থিতি রেকর্ড ভেঙেছে।
সবচেয়ে আলোচিত ট্যুর এবং আয় :
| শিল্পী/ব্যান্ড | ট্যুরের নাম | আয় | উল্লেখযোগ্য তথ্য |
|---|---|---|---|
| দি উইকেন্ড | ‘আফটার আওয়ারস টিল ডাউন’ | > 1 বিলিয়ন USD | বছরের সবচেয়ে আলোচিত ট্যুর |
| কোল্ডপ্লে | ‘মিউজিক অব দ্য স্পেয়ারস ওয়ার্ল্ড ট্যুর’ | – | দর্শকসংখ্যার দিক থেকে ইতিহাসের অন্যতম বড় সফর |
| ওয়েসিস | ‘লাইভ ২৫ ট্যুর’ | – | দর্শক উন্মাদনা চোখে পড়ার মতো |
| বিয়ন্সে | ‘কাউবয় কার্টার টুর’ | – | বিশাল আন্তর্জাতিক সমর্থক উপস্থিতি |
| এড শিরান | ‘ম্যাথমেটিকস টুর’ | – | বিভিন্ন দেশে রেকর্ড বিক্রি |
| ডুয়া লিপার | ‘র্যাডিক্যাল অপটিমিজম টুর’ | – | উচ্চমানের স্টেজ শো এবং গানের পরিচিতি |
সংগীতের বৈচিত্র্যও ২০২৫ সালে চোখে পড়ার মতো। ইংরেজি ছাড়াও আফ্রোবিটস, লাতিন পপ, আরবি পপ ব্যাপকভাবে শোনা হয়েছে। কে-পপের প্রভাব আরও বেড়েছে; রোজের ‘আপাতে’ গানটি টপচার্টে শীর্ষে থেকেছে। বিটিএসের সদস্যদের সামরিক প্রশিক্ষণ থেকে ফিরে আসা কোরিয়ান ইন্ডাস্ট্রি চাঙ্গা করেছে, এবং ‘কে-পপ ডেমন হান্টারস’ সিনেমার সাউন্ডট্র্যাক বিশ্বজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে। এছাড়া টুমরো এক্স টুগেদার এবং এসপা ব্যান্ডও আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে।
২০২৫ সালে ফিরে এসেছে সিডি ও ভিনাইল। শৌখিন সংগীতপ্রেমীরা ডিজিটাল প্ল্যাটফর্মের তুলনায় ফিজিক্যাল মিডিয়ার প্রতি আগ্রহ দেখিয়েছেন। টেইলর সুইফট, ডেভিড বোয়ি, এড শিরান, বিলি আইলিশের মতো শিল্পীরাও ভিনাইল ও সিডিতে অ্যালবাম প্রকাশ করেছেন।
আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এআই-এর আধিপত্য। শিল্পীরা এআই অ্যাসিস্ট্যান্স ব্যবহার করে গান তৈরি করছেন। তবে মৌলিকতা ও নৈতিকতার প্রশ্ন নিয়ে শিল্পী ও শ্রোতাদের মধ্যে বছরজুড়ে তর্ক-বিতর্ক চলেছে, যা সংগীত জগতের ভবিষ্যৎকে নতুন দিক দিয়েছে।
সার্বিকভাবে, ২০২৫ সাল বিশ্বসংগীতের জন্য এক ঐতিহাসিক ও প্রাণবন্ত বছর হিসেবে চিহ্নিত হবে, যা ভক্ত ও শিল্পী উভয়ের জন্যই স্মরণীয় হয়ে থাকবে।
