কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নাঙ্গলকোট। দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার শতশত সমর্থক ও নেতাকর্মী কাফনের কাপড় পরে অভিনব এক বিক্ষোভ প্রদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, তৃণমূলের জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া তারা মেনে নেবেন না।
দলীয় ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই নাঙ্গলকোট ও লালমাই—এই দুই উপজেলার মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা কাফনের কাপড় পরে প্রতীকী আত্মত্যাগের বার্তা নিয়ে রাস্তায় নামেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
সমাবেশে উপস্থিত বক্তারা হাই কমান্ডের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম সুজনসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া এলাকার সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন এবং দুঃসময়ে কর্মীদের পাশে ছিলেন না। ফলে মোবাশ্বের আলম ভূঁইয়াকেই তারা একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। আসন্ন নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে দল যেন দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, সেই অনুরোধও জানিয়েছেন তারা।
জিলাইভ/টিএসএন
