প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য আরো বলেছেন, বিএনপি যে আন্দোলন শুরু করেছে, সেটা কখনোই সফল হবে না। কারণ, জনগণ তাদের সঙ্গে নেই। তাই এসব বাদ দিয়ে বিএনপির উচিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী বাস ধরা।
বিএনপির এক দফার আন্দোলন ব্যর্থ হয়েছে: সালমান এফ রহমান
শনিবার সকালে ঢাকার দোহার জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সালমান এফ রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদেশিরা বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর ও গুজব। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুযোগ নিয়ে বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতেই ব্যস্ত। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে। কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। বিদেশিদের একটাই চাওয়া তা হচ্ছে, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। স্বাধীন নির্বাচন কমিশনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথে ধাবমান। তাই সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে এগিয়ে যেতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চাওয়া ছাড়াও নিরপেক্ষ ও বিরোধীদের কাছে গিয়েও ভোট চাইতে হবে। ভোট দেওয়ার যেমন স্বাধীনতা আছে, তেমনি ভোট চাওয়ারও স্বাধীনতা আছে। উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে।