২ হাজার টাকা আয়কর বিধান বাতিল হতে পারে। বর্তমানে সরকারি ৪৪ ধরনের সেবা পেতে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার কিংবা কর সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করেছে সরকার। এতে করযোগ্য আয় না থাকলেও একজন টিআইএনধারী ব্যক্তিকে আয়কর সনদ নিতে হলে ২ হাজার টাকা কর দেওয়ার বিধান রেখে ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপিত হয়। তবে বাজেট ঘোষণার পর থেকে বিধানটি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও আগামী নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাধ্যতামূলক কর বিধান বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যদিও বিতর্ক এড়াতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এনবিআর পক্ষে ও বিপক্ষে তাদের উপস্থাপনা তুলে ধরবে, যার পরিপ্রেক্ষিতে আগামী ২৬ জুন প্রস্তাবিত বাজেট পাসের সময় চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

২ হাজার টাকা আয়কর বিধান বাতিল হতে পারে
এফবিসিসিআইসহ একাধিক সংগঠন এই বিধান বাতিলের আহ্বান জানিয়েছে। আর ন্যূনতম কর আরোপের প্রস্তাবকে বৈষম্যমূলক বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, যার করযোগ্য আয় নেই, তার ওপর এটা চাপিয়ে দেওয়াটা একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, করমুক্ত আয়সীমা বৃদ্ধির কারণে অনেক করদাতা কর জালের বাইরে চলে যাবে। রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা হিসেবে টিআইএনধারীদের কাছ থেকে বছরে দুই হাজার টাকা কর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে।
গত ১ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মূলত যারা ৩৮ ধরনের (প্রস্তাবিত আয়কর আইনে আরও ৫টি সেবা যুক্ত করা হয়েছে) সরকারি সেবা নেবেন, তাদের কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সঙ্গে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণও জমা দিতে হবে। প্রস্তাবটি পাস হলে যারা এসব সেবা নেওয়ার জন্য আয়কর রিটার্নের প্রমাণ জমা দেবেন, করমুক্ত আয়সীমার নিচে আয় থাকলেও তাদের এই ন্যূনতম ২ হাজার টাকা কর দিতে হবে।
এর পরের দিন ন্যূনতম আয়করের পক্ষে যুক্তি দিতে গিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কাদের টিআইএন থাকতে হয়, টিআইএন বাধ্যতামূলক কাদের, সেই লিস্টটা যদি সামনে নেন, তাহলে সেখানে দেখবেন টিআইএন বাধ্যতামূলক আমদানিকারক, রপ্তানিকারক, ট্রেড লাইসেন্সধারীর জন্য, কমিশন এজেন্সির জন্য।