বাংলাদেশে ‘ফ্যাক্টরিং ফাইনান্স’ এর যাত্রা শুরু

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এখন থেকে ‘কার্যাদেশ’ দেখিয়ে জামানতবিহীন সুদমুক্ত ঋণ

এম মনিরুল আলম

জিলাইভ২৪,কম

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এখন থেকে কার্যাদেশ বা ওয়ার্ক অর্ডার দেখিয়ে জামানতবিহীন সুদমুক্ত ঋণ পাবে।

তবে এজন্য ঝণগ্রহীতাকে তার বন্ধকীকৃত ‘কার্যাদেশ’ বা ওয়ার্ক অর্ডারের মোট মূল্যের ভিত্তিতে কমিশন দিতে হবে।

এসএমই ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্হাপক মুহাম্মদ মোরশেদ আলম বলেন এসএমই ফাউন্ডেশন নিজের কোনও তহবিল থেকে এ ব্যবস্থায় ঋণ দিবে না।

তিনি জানান, থিংকবিজ সলিউশন ট্রেডেক্স এ ধরনের অর্থায়নের ব্যবস্থা করে দিবে।

“মূলত ঋণসহায়তা প্রার্থীর চলতি মুলধন সংকট কাটাতে এধরনের ঋণের ব্যবস্থা। ঋণপ্রার্থীর প্রতিষ্ঠানের অনুকূলে পাওয়া ‘কার্যাদেশ’ বা ‘ওয়ার্ক অর্ডার’ নিয়ে ট্রেডেক্স ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থায়ন করার ব্যবস্থা করবে।”

এ ধরনের অর্থায়নকে ‘ফ্যাক্টরিং ফাইনান্স’ বলা হয়।

উন্নত দেশে এমনকি পাশ্ববর্তী ভারতেও এ ব্যবস্হা বেশ জনপ্রিয়।

ভারতের থিংকবিগ সলিউশনস (ট্রেডেক্স) বাংলাদেশ ব্যাংক থেকে গত ১৮ জানুয়ারি ২০২২ লোকাল ফ্যাক্টরিং প্ল্যাটফর্ম পরিচালনা করার অনুমতি পায়।

এসএমই ফাউন্ডেশন ও ট্রেডেক্স যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্যাক্টরিং ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি উদ্যোক্তাদের সচেতন করতে কাজ করবে এসএমই ফাউন্ডেশন।

এক কথায়, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তার বকেয়া বিল ডিসকাউন্ট বা কমিশনে দেনাদার ব্যতীত তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করাকে ফ্যাক্টরিং বলে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কোন পণ্য উৎপাদনকারী বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান কোন অর্ডারের বিপরীতে পণ্য বা সেবা প্রস্তুতের লক্ষ্যে প্রয়োজনীয় চলতি মূলধন ঘাটতি মেটানোর জন্য অর্ডারটি তৃতীয় কোন প্রতিষ্ঠানের নিকট কমিশনে বিক্রি করে তহবিল সংগ্রহ করার পদ্ধতিই হলো ফ্যাক্টরিং।

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশন ও থিংকবিগ সলিউশনস (ট্রেডেক্স) ফ্যাক্টরিং ফাইন্যান্স বিষয়ে কর্পোরেট প্রতিষ্ঠান, ফাইন্যান্সার ও সাপ্লায়ার ম্যাচমেকিং এর প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জিন্নাত রেহানা, প্রশাসক (যুগ্মসচিব), বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসর্স এসোসিয়েশন (বাপা) এবং ড. এম মাসরুর রিয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, থিংকবিগ সলিউশনস (ট্রেডএক্স অনলাইন)।

এ সভায় বক্তারা বলেন, দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) একটি গুরুত্বপূর্ণ খাত।

দেশের ব্যাংক ব্যবস্থায় এসএমই খাত উন্নয়নে বিভিন্ন ধরণের ঋণ সহায়তা (প্রচলিত ব্যাংক ঋণ) কার্যক্রম চলমান রয়েছে। তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ঋণ গ্রহণের প্রক্রিয়াটি সহজ নয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ঋণ প্রাপ্তির পর পণ্য তৈরি করে ক্রেতা প্রতিষ্ঠানকে সরবরাহের মাধ্যমে প্রাপ্ত ‘ট্রেড রিসিভেবল’ সমূহের বিপরীতে তাৎক্ষণিকভাবে অর্থপ্রাপ্তির প্রক্রিয়াটি সহজ ও স্বয়ংক্রিয় নয়।

তাছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল নিয়েও উদ্যোক্তাবৃন্দ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এক্ষেত্রে স্বল্পমেয়াদী এবং জামানতবিহীন ঋণ সুবিধা হিসেবে ‘ফ্যাক্টরিং ফাইন্যান্স’ শিল্প খাতে বিশেষত এসএমই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সভায় বক্তারা অভিমত দেন।

চলতি মূলধন সংকট লাঘবের লক্ষ্যে অর্ডার দাতা এবং পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যতীত তৃতীয় কোন পক্ষের নিকট হতে তহবিল সংগ্রহের জন্য ফ্যাক্টরিং উন্নত দেশে একটি জনপ্রিয় পদ্ধতি।

বৈধ কাগজপত্র যেমন ট্রেড লাইসেন্স, এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট, বিক্রয় ডাটাসহ দেনাদারের তথ্য দিয়েই যে কোনো প্রতিষ্ঠান সহজে এ সেবা নিতে পারে।

‘ফ্যাক্টরিং’ এর সাথে এলসি এর মূল পার্থক্য হলো ‘এলসি’ একটি পেমেন্ট পদ্ধতি আর ‘ফ্যাক্টরিং’ এর মাধ্যমে তৃতীয় পক্ষ হতে মূলধন জোগান করা হয়।

স্বল্প মেয়াদী এবং জামানতবিহীন ঋণ সুবিধা হিসেবে ‘ফ্যাক্টরিং ফাইন্যান্স’ শিল্প খাতে বিশেষত এসএমই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয় এলসির মাধ্যমে।
কিন্তু এলসি পদ্ধতিতে বাণিজ্য করা সময়সাপেক্ষ ও জটিলতানির্ভর।

তাছাড়া ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) ব্যবসায়ীদের জন্য অনেক সময় এলসি পাওয়া আরো কঠিন। এক্ষেত্রে ফ্যাক্টরিং ফাইন্যান্স একটি বিশেষ বিকল্প হতে পারে।

আন্তর্জাতিক মূদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে সম্প্রতি করোনার প্রভাব মোকাবেলায় রফতানি খাতে অর্থের প্রবাহ বাড়াতে ফ্যাক্টরিং প্রক্রিয়াকে কাজে লাগানোর পরামর্শ দেয়া হয়েছে।

ফ্যাক্টরিং ফাইন্যান্স কার্যক্রমের প্রচার ও প্রসারে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২১ ডিসেম্বর ২০২২ তারিখে এসএমই ফাউন্ডেশনের সাথে থিংকবিগ সলিউশনস (ট্রেডেক্স)-এর সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

Leave a Comment