বাংলাদেশে গণমাধ্যম স্বাধীন, ইইউ প্রতিনিধি দলকে জানালেন তথ্যমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মিডিয়া হচ্ছে প্রাইভেট। বাংলাদেশে বিটিভি একটি চ্যানেল, আর ৩৫টি প্রাইভেট চ্যানেল সম্প্রচারে আছে। তারা তাদের মত করে সংবাদ প্রচার করে। তথ্যমন্ত্রীর কাছে পর্যবেক্ষণ দলের প্রশ্ন ছিলো, বাংলাদেশে সংবাদ মাধ্যম স্বাধীন নির্বাচনে তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা কী হবে? জবাবে মন্ত্রী বলেন, ইউরোপের মতো বাংলাদেশে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিবন্ধিত না। কাজেই এসব মাধ্যমে ছড়ানো গুজব ঠেকানোই এখানে বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, বিদেশে যে সরকার ক্ষমতায় থাকে, তারাই নির্বাচন পরিচালনা করে। আইনানুসারে আমাদের দেশেও তাই হবে।মন্ত্রী জানান, নির্বাচন কমিশন খুবই শক্তিশালী এবং তারা খুবই সক্রিয়।তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপি ছাড়া এ নিয়ে কারও মাথাব্যথা নেই।
বাংলাদেশে গণমাধ্যম স্বাধীন, ইইউ প্রতিনিধি দলকে জানালেন তথ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দলটি বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আইন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে।আইন সচিব গোলাম সারওয়ার প্রতিনিধি দলকে জানান, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আমাদের দেশের যে আইনগত কাঠামো আছে, সেটা যথেষ্ট।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি যে আইন হয়েছে, এই উপমহাদেশে এমন আর কোনো আইন নেই। ইউরোপীয় প্রতিনিধিদের কাছে আমরা আইনও দিয়েছি। এ বিষয়ে তারা সঠিক তথ্য পেয়েছেন।
তিনি বলেন, যদি নির্বাচন নিয়ে কোনো অনিয়ম বা অভিযোগ থাকে, তাহলে তারা প্রতিবেদন তৈরি করে নির্বাচন কমিশনারকে দেন। সেই অনুসারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে।প্রতিনিধি দলে ছিলেন জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক রিকোর্ডো চেলেরি, রাজনৈতিক বিশেষজ্ঞ দিমিত্রি আইওনাও ও আইন বিশেষজ্ঞ ক্রিস্টিনা ডোস রামোস আলভেস।
